মুন্সিগঞ্জের সিরাজদিখানে পোষা বিড়াল হত্যার বিচার চেয়েছে আছিয়া আক্তার (১৩) নামে এক কিশোরী। রবিবার দুপুরে কিশোরীর মা আকলিমা আক্তার শারমিন সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ এর আগে বেলা ১২টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার ফুরশাইল গ্রামে প্রতিবেশীর কাঠের টুকরার আঘাতে ওই কিশোরীর পোষা বিড়ালের মৃত্যু হয়।
সিরাজদিখান থানার ওসি একেএম মিজানুল হক অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিড়ালটিকে ময়নাতদন্তের জন্য উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে।
ফুরশাইল গ্রামের মো. কালাম শেখের মেয়ে কিশোরী আছিয়া আক্তার জানান, সে ছোট বয়স থেকে বিড়ালটি পালন করে আসছিল। রবিবার বেলা ১২টার দিকে প্রতিবেশী মা ও মেয়ে তার পোষা বিড়ালকে কাঠের টুকরো দ্বারা আঘাত করে। পরে বিড়ালকে নিয়ে পশু হাসপাতালে গেলে কর্তব্যরত কর্মচারীরা মৃত ঘোষণা করেন। এরপর কিশোরী সিরাজদিখান থানায় গিয়ে বিড়াল হত্যার বিচার দাবি করে পুলিশের কাছে।
কিশোরী দাবি করে, প্রথমে পুলিশ তার বিচার চাওয়া নিয়ে হাসি-ঠাট্টা করে। পরে তার মা সিরাজদিখান থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।
কিশোরী বলে, আমি আমার বিড়াল হত্যার বিচার চাই।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শবনম সুলতানা বলেন, বিড়ালটি মৃত অবস্থায় আমাদের এখানে আনা হয়। ময়নাতদন্তের জন্য বিড়ালটি প্রাণী সম্পদ কার্যালয়ে রয়েছে। সোমবার ময়নাতদন্ত করা হবে।
অভিযুক্ত মা ও মেয়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।