দরিদ্র দেশগুলোকে ৫ লাখ টন খাদ্যশস্য দেবে রাশিয়া

রাশিয়া আগামী চার মাসে বিশ্বের দরিদ্র দেশগুলোতে ৫০ হাজার টন খাদ্যশস্য সরবরাহের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির কৃষিমন্ত্রী দিমিত্রি পাত্রুশেভ। তুরস্কের সহায়তায় এই খাদ্যশস্য সরবরাহ করা হতে পারে বলে জানিয়েছেন তিনি। গত শনিবার রুশ বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রাশিয়া বলেছে, জাতিসংঘের মধ্যস্থতায় স্বাক্ষরিত চুক্তির আওতায় ইউক্রেনের অবরুদ্ধ বন্দরগুলো থেকে যেসব খাদ্যশস্য ছাড় হয়েছে, সেসবের অর্ধেকেরও বেশি চালান পশ্চিমা দেশগুলোতে গেছে। ইউক্রেন থেকে যাত্রা করা খাদ্যশস্য চালানের মাত্র ৩ শতাংশ বিশ্বের দরিদ্র দেশগুলো পেয়েছে।

গত ২২ জুলাই জাতিসংঘের সমর্থনে তুরস্কের মধ্যস্থতায় ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে কয়েক লাখ টন ভুট্টা, গম, সূর্যমুখী পণ্য, বার্লি, সরিষা এবং সয়া রপ্তানি করা হয়। রাশিয়ার কৃষি মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সোমালিয়া, ইথিওপিয়া, ইয়েমেন, সুদান এবং আফগানিস্তানের মতো অভাবী দেশগুলো বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কাছ থেকে মাত্র ৩ শতাংশ খাদ্যশস্য পেয়েছে।