আত্মসমর্পণের নির্দেশ রুবেল বরকতের স্ত্রীদের

১২ বাস পোড়ানোর মামলায় ফরিদপুরের সেই দুই ভাই সাজ্জাদ হোসেন ওরফে বরকতের স্ত্রী আফরোজা পারভীন ও ইমতিয়াজ হাসান ওরফে রুবেলের স্ত্রী সোহেলী ইমরোজকে হাইকোর্টের দেওয়া আট সপ্তাহের আগাম জামিনের আদেশ স্থগিত হয়ে গেছে। একই সঙ্গে দুজনকে ফরিদপুরের বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। আফরোজা পারভীন ও সোহেলী ইমরোজের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল রবিবার চেম্বার আদালতের বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। গত ২৬ অক্টোবর দুজনকে আগাম জামিনের আদেশ দেয় হাইকোর্ট।

প্রায় ২ হাজার কোটি টাকা অর্থ পাচারের মামলায় রুবেল-বরকত কারাগারে রয়েছেন। ফরিদপুরের গোয়ালচামট এলাকায় গত ১২ মার্চ দুজনের মালিকানাধীন ‘সাউথ লাইন’ পরিবহনের ১২টি বাস আগুনে পুড়ে যায়। বাসগুলো অর্থ পাচার মামলার আলামত হিসেবে জব্দ করেছিল পুলিশ।