নিরাপত্তার কারণে বান্দরবানের চারটি উপজেলায় পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল রবিবার বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিষেধাজ্ঞার আওতায় থাকা উপজেলা চারটি হলো রুমা, রোয়াংছড়ি, থানচি ও আলীকদম। গত ২৩ অক্টোবর থেকে আলীকদম ও থানচি উপজেলায় এবং এর দুই দিন আগে থেকে রুমা ও রোয়াংছড়িতে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
ইয়াছমিন পারভীন স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বান্দরবান সেনা রিজিয়নের চিঠির আলোকে পর্যটকদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে ২৩ অক্টোবর জারি করা পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা ৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হলো। জনস্বার্থে রোয়াংছড়ি, রুমা, থানচি ও আলীকদম উপজেলায় দেশি-বিদেশি পর্যটকদের জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।’