সংসদের ২০তম অধিবেশন শুরু, চলবে ৬ নভেম্বর পর্যন্ত

চলমান জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু হয়েছে। গতকাল রবিবার বিকেল সাড়ে ৪টায় চলতি বছরের ৫ম এ অধিবেশন শুরু হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা যোগ দেন। এর আগে বিকেল সাড়ে ৩টায় কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ৬ নভেম্বর পর্যন্ত অধিবেশন চলবে।

অধিবেশনের শুরুতেই সভাপতিমণ্ডলী মনোনয়ন দেওয়া হয়। তারা স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে জ্যেষ্ঠতার ভিত্তিতে সংসদের বৈঠকে সভাপতিত্ব করবেন। সভাপতিম-লীর সদস্যরা হলেন, মকবুল হোসেন, মনোয়ার হোসেন, কাজী ফিরোজ রশীদ ও সুবর্ণা মুস্তাফা।

এরপর আনা হয় শোকপ্রস্তাব। গত দুই মাসে যেসব বিশিষ্ট ব্যক্তি মারা গেছেন তাদের নামে শোকপ্রস্তাব আনার পর এক মিনিট নীরবতা পালন শেষে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

গত ১ সেপ্টেম্বর সংসদের ১৯তম অধিবেশন শেষ হয়। ২৮ আগস্ট শুরু হয়ে এই অধিবেশন চলে ৫ কার্যদিবস। শুরুর দিন নতুন ডেপুটি স্পিকার হিসেবে শামসুল হক টুকুকে নির্বাচিত করেন সংসদ সদস্যরা।