উত্তরা থেকে ব্যবসায়ীর চার লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় চিহ্নিত ছিনতাইকারী মো. মাসুদ খান খোকন ওরফে ব্লেড মাসুদকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (৩০ অক্টোবর) দুপুরে উত্তরা পশ্চিম থানার রাজলক্ষ্মী ওভারব্রিজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ছিনতাইকারী মাসুদ ব্লেড দিয়ে বিশেষ কায়দায় ব্যাগ কেটে ছিনতাই করে বলে তাকে ব্লেড মাসুদ নামেই চেনে সবাই।
গ্রেপ্তার মাসুদ ঢাকার কাফরুল থানার ইব্রাহিমপুর এলাকার মৃত রাজন খানের ছেলে।
পুলিশ জানায়, মাসুদ একজন চিহ্নিত ছিনতাইকারী। সাত বছর ধরে তিনি এ পেশায়। তবে তার ছিনতাইয়ের ধরন ভিন্ন। তার একমাত্র টার্গেট এটিএম বুথফেরত মানুষ। এটিএম বুথ থেকে কেউ টাকা তুলে আসার পর মাসুদ তার পিছু ধরেন। এরপর জনাকীর্ণ এলাকায় সুবিধাজনক স্থানে গিয়ে তাকে ধাক্কা দিয়ে অপ্রস্তুত করে ফেলে। আর এই সুযোগে তিনি ব্লেড দিয়ে ব্যাগ অথবা প্যান্টের পকেট কেটে ওই টাকা ছিনিয়ে পালিয়ে যান। পুরো কাজটি করতে তার সর্বোচ্চ ১০ সেকেন্ড সময় লাগে!
জানা যায়, রবিবার দুপুর একটার দিকে এটিএম বুথ থেকে ৪ লাখ ১৫ হাজার টাকা তুলে অফিসে যাচ্ছিলেন অ্যাডভান্স পোলট্রি প্রতিষ্ঠানের কর্মচারী ইছাহাক আলী। তাকে এটিএম বুথ থেকে অনুসরণ করছিলেন মাসুদ। রাজলক্ষ্মী ওভারব্রিজে যাওয়ার পর মানুষের ভিড়ে ইছাহাককে ধাক্কা দেন মাসুদ। এতে তার সন্দেহ হয়। তিনি ফিরেই দেখেন তার ব্যাগ ব্লেডে কাটা! সঙ্গে সঙ্গেই তিনি চিৎকার করলে সেখানে থাকা টহল পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং ছিনতাই করা ৪ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করেন। গ্রেপ্তার ব্লেড মাসুদের বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে।