বিশ্বকাপ শেষ পগবার

পল পগবার কাতার বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা ছিল আগে থেকেই। তারপরও পগবা নিজে বা তার ভক্তদের মনে ক্ষীণ আশা তো ছিলই। তবে সেই আশাটাও এখন শেষ। বিশ্বকাপে জুভেন্তাসের এই ডিফেন্ডারকে পাচ্ছে না শিরোপাধারী ফ্রান্স।

হাঁটুতে অপারেশনের পর সেরে উঠতে বেশ সময় লাগবে পগবার। বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন পগবার এজেন্ট।

চলতি গ্রীষ্মে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে পুরোনো দল জুভেন্তাসে ফেরেন পগবা। তবে চোটের কারণে ইতালিয়ান ক্লাবটির হয়ে এ মৌসুমে একটি ম্যাচও এখনও খেলা হয়নি তার।

জুলাইয়ে হাঁটুর চোটে পড়েন পগবা। কাতার বিশ্বকাপের কথা মাথায় রেখে প্রাথমিকভাবে তিনি অস্ত্রোপচার না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু পরে সেই সিদ্ধান্ত বদলান।

পগবার এজেন্ট রাফায়েলা পিমেন্তা এক বিবৃতিতে বলেছেন, ‘তুরিনো ও পিটসবার্গে কাল এবং আজ তার শারীরিক অবস্থা মূল্যায়নের পর জানাতে খুব কষ্ট হচ্ছে যে, অস্ত্রোপচার থেকে সুস্থ হয়ে উঠতে আরও সময় লাগবে পল পগবার। এ কারণে বিশ্বকাপের আগে জুভেন্তাসের স্কোয়াডে এবং কাতারে ফ্রান্স জাতীয় দলের সঙ্গেও তিনি যোগ দিতে পারবেন না।’

ফ্রান্সের জার্সিতে পগবাকে সবশেষ দেখা গেছে সেই মার্চে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রীতি ম্যাচটিতে ফ্রান্স জিতেছিল ৫-০ গোলে। এখন পর্যন্ত ফ্রান্সের হয়ে পগবা খেলেছেন ৯১ ম্যাচ। গোল করেছেন ১১টি।

কাতার বিশ্বকাপ শুরু হবে ২০ নভেম্বর। ২২ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে ফ্রান্স।