ভারত ম্যাচকে ‘স্পেশাল’ বলতে নারাজ সাকিব

ক্রিকেটীয় ঐতিহ্য বা শক্তির দিক দিয়ে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে ভারত। তবে সাম্প্রতিক সময়ে এই দুই দলের মুখোমুখি লড়াই মানেই মাঠ ও মাঠের বাইরে উত্তাপ। ভারতের বিপক্ষে খেলা হলে বাংলাদেশের দর্শকদের প্রত্যাশার মাত্রাও যেন যায় বেড়ে। ক্রিকেটারদের জন্যও কি ভারত ম্যাচ স্পেশাল হয়ে দাঁড়ায় না?

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে বুধবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিব আল হাসান বলে দিলেন, স্পেশাল ম্যাচ বা স্পেশাল প্রতিপক্ষ বলে কিছু নেই তার দলের কাছে।

এক প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘আমি বিশ্বকাপে প্রথম ম্যাচের আগে যেটা বলেছি, প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা একই মানসিকতা নিয়ে খেলতে চাই। কোন দেশের সঙ্গে কোন পরিস্থিতিতে খেলা হচ্ছে, আমরা তা নিয়ে চিন্তা করতে চাই না। আমরা ওই মুহূর্তটা শুধু উপভোগ করতে চাই। তাই আমাদের একই (ভারত ম্যাচেও) পরিকল্পনাই থাকবে।’

শক্তিতে অনেক এগিয়ে থাকলেও ভারতের বিপক্ষে বাংলাদেশের সুখস্মৃতিও কম নেই। দুই দলের জমজমাট অনেক ম্যাচের সাক্ষী হয়েছে দর্শক। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে যেমন মাত্র ১ রানে জিতেছিল ভারত। ২০১৮ সাল নিদাহাস ট্রফির ফাইনালেও ম্যাচের ফল নির্ধারণ হয়েছিল শেষ বলে।

সাকিব বললেন অ্যাডিলেডেও তেমন ম্যাচই উপহার দেওয়ার আশা থাকবে তাদের, ‘ভালো একটা ম্যাচ হলে অবশ্যই ভালো হবে দর্শকদের জন্য। আশা করি তেমন একটা ভালো ম্যাচ যেন উপহার দিতে পারি।’

২০১৫ ওয়ানডে বিশ্বকাপে এই মাঠে ইংল্যান্ডকে হারানোর স্মৃতি আছে বাংলাদেশের। সে কথা মরে করিয়ে দিলে সাকিব বলেন, ‘ওই দলটা থেকে আমি আর তাসকিন আছি। অবশ্যই ভালো স্মৃতি। ভালো স্মৃতি সব সময়ই অনুপ্রেরণা জোগায়। আশা করি যেন সেই স্মৃতি আমাদের মানসিকভাবে একটু সাহায্য করে।’