রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আফতাব আহমেদ (৪৫) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
মঙ্গলবার (১ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফতাব আহমেদ পুরান ঢাকার পূবালী ব্যাংক লিমিটেডের মৌলভীবাজার শাখায় প্রিন্সিপাল অফিসার ছিলেন।
আফতাব আহমেদ কিশোরগঞ্জের তারাইল উপজেলার শিমুলআটি গ্রামের মৃত আজিজূল ইসলামের ছেলে। তিনি যাত্রাবাড়ীর মুসলিমাবাদ বাগানবাড়ি এলাকায় থাকতেন।
বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজজারুল ইসলাম জানান, মঙ্গলবার চকবাজারের কর্মস্থল থেকে বাসায় ফিরছিল তিনি। গোবিন্দপুরের একটি গ্যারেজের সামনে পৌঁছালে বডিবিহীন গাড়ির চেচিজ তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
ওসি বলেন, ঘটনার পরপরই গাড়ির চালক রাজা মিয়াকে (৪০) আটক করা হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।