ডেঙ্গু নিয়ে এক দিনে সর্বোচ্চ ১০৯৪ রোগী হাসপাতালে

দেশে গত ২৪ ঘণ্টায় (গত মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত) আরও ১ হাজার ৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে; যা এ বছর দেশে এক দিনে হাসপাতালে রোগী ভর্তির রেকর্ড। এ সময়ে মারা গেছে ৪ জন। এর আগে গত ২৩ অক্টোবর এ বছরের সর্বোচ্চ ১ হাজার ৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৬০০ জন ঢাকায় ও ৪৯৪ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৩ হাজার ৭৫০ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ২ হাজার ৩৩২ জন। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছে ১ হাজার ৪১৮ জন। এ বছর রাজধানীর বিভিন্ন হাসপাতালে সবচেয়ে বেশি ২৭ হাজার ১৪৮ রোগী ভর্তি হয়েছে। ঢাকার বাইরে ভর্তি হয়েছে ১২ হাজার ৯৫৩ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত অক্টোবর মাসে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২১ হাজার ৯৩২ জন। এ সময়ে মারা গেছে ৮৬ জন।