কুড়িগ্রামের দুই উপজেলায় নৌকাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থীর জয়

কুড়িগ্রামের দুই উপজেলার উপ-নির্বাচনে চিলমারী উপজেলায় চেয়ারম্যান হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মো. রুকুনুজ্জামান শাহীন। প্রাপ্ত বে-সরকারি ফলাফলে আনারস প্রতীক নিয়ে ১৬ হাজার ২০৬টি ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। তার নিকটতম প্রার্থী সোলায়মান আলী সরকার নৌকা প্রতীকে পান ১৪ হাজার ৩৬২ ভোট।

এদিকে রৌমারী উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ইমান আলী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তিনি ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২২ হাজার ২১৯ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী মজিবর রহমান বঙ্গবাসী দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ হাজার ৫৯২ ভোট।

রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এ উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৫৭ হাজার ১৫০। এর মধ্যে পুরুষ ভোটার ৭৯ হাজার ১৭৩ এবং নারী ভোটার ৭৭হাজার ৯৭৭ জন। ৬৯টি কেন্দ্রের ৪৭৮টি বুথে ইভিমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ভোটার উপস্থিতি সংখ্যা শতকরা ৪১ভাগ।

বুধবার আগে সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই ভোট শেষ হয় বিকেল ৪টায়। ইলেক্ট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট প্রয়োগ করেন ভোটাররা। চিলমারী উপজেলা পরিষদের উপ-নির্বাচনে মোট ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

উল্লেখ্য, চলতি বছরে ৪ জুলাই রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ ও ২২ আগস্ট চিলমারী উপজেলা চেয়ারম্যান শওকত আলী বীর বিক্রমের মৃত্যুতে চেয়াম্যানের পদ দুটি শূন্য হয়।