দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাবন্দি পুলিশের ডিআইজি মিজানুর রহমানকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
এর আগে, চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ডিআইজি মিজানকে তিন বছর কারাদণ্ড দেয় আদালত। ২০১৯ সালের ১৬ জুলাই দুদক পরিচালক শেখ মো. ফানাফিল্লাহ বাদী ওই মামলা করেন।
এদিকে, ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে কর্মরত অবস্থায় অস্ত্রের মুখে এক নারীকে তুলে নিয়ে বিয়ে করাসহ নানান অপকর্মে জড়িত থাকার অভিযোগে পুলিশ থেকে সাময়িক বরখাস্ত হন মিজান। পরে তাকে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়। ২০১৯ সালের ২ জুন মিজান গ্রেপ্তার হন।
মিজানের বরখাস্তের প্রজ্ঞাপনে বলা হয়েছে, দণ্ডপ্রাপ্ত হওয়ায় সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪২(১) ধারা অনুযায়ী ২৩ ফেব্রুয়ারি থেকে তাকে বরখাস্ত করা হয়েছে।