৫ পুলিশ কর্মকর্তার দেশপ্রেম-দক্ষতায় ঘাটতি: মন্ত্রী

সম্প্রতি তিন পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর পেছনে দক্ষতা ও দেশপ্রেমের ঘাটতিকে কারণ হিসেবে দেখিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, 'এটা চলমান প্রক্রিয়া। চাকরির ২৫ বছর হলেই দক্ষতা ও দেশপ্রেমের ঘাটতি থাকলে সিদ্ধান্ত নেওয়া হয়। এখানেও এরকম ঘাটতি ছিল বলে ডিপার্টমান্ট থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের এক সংলাপে এসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে এ বিষয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়।

অবসরে পাঠানো কর্মকর্তাদের দেশপ্রেমের ঘাটতি কোথায় এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'কেউ যদি কাজ না করেন, দায়িত্ব পালন না করেন, তাহলে তো দক্ষতা ও দেশপ্রেমের ঘাটতি বলাই যায়।'

গত ৩১ অক্টোবর সিআইডিতে কর্মরত অতিরিক্ত ডিআইজি মো. আলমগীর আলম এবং টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মাহবুব হাকিমকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। ১৮ অক্টোবর চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই আরও তিন পুলিশ সুপারকে অবসরে পাঠানো হয়। তারা হলেন- বিসিএস ১২ ব্যাচের কর্মকর্তা মুহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী ও দেলোয়ার হোসেন মিয়া এবং ১৫ ব্যাচের কর্মকর্তা মীর্জা আব্দুল্লাহেল বাকী।