আসছে 'আরো এক পৃথিবী'; আছেন কৌশিক, তাসনিয়া ফারিণ

চার প্রবাসী বাঙালি। চারজনের জীবনেই রয়েছে রহস্য। প্রেক্ষাপট লন্ডন শহর। এভাবেই তার নতুন ছবি তৈরি করেছেন পরিচালক অতনু ঘোষ। নাম 'আরো এক পৃথিবী'। মুখ্য চরিত্রে রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য, অনিন্দিতা বসু এবং বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

সম্প্রতি এই ছবির 'ফার্স্টলুক পোস্টার' প্রকাশ্য এলো। অতনু বলছিলেন, 'এতদিন যে ধরনের ছবি করেছি তার তুলনায় এটা আমার জন্য একটা নতুন মোড়। আমি খুবই উৎসাহী।'

তাসনিয়া ঢালিউডের পরিচিত মুখ। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত 'লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান' এবং চঞ্চল চৌধুরী অভিনীত 'কারাগার'- এই দুই ওয়েব সিরিজের দৌলতে এপার বাংলাতেও তিনি এখন পরিচিত মুখ। পরিচালকের কথায়, 'ফারুকীর সিরিজটা দেখেই আমার তাসনিয়াকে পছন্দ হয়। তার পর যোগাযোগ করি। এটা কিন্তু ওর প্রথম ছবি হতে চলেছে। আর সেটা কলকাতা থেকে হয়েছে বলে আমার আরো ভালো লাগছে।'

গত মে-জুন মাস নাগাদ লন্ডনে ছবির শুটিং সারেন অতনু। উল্লেখ্য, এই ছবিতে ব্রিটিশ, আমেরিকান, উজবেকিস্তান, চীন, কোরিয়া, রাশিয়া- এরকম এক ঝাঁক বিদেশি অভিনেতা রয়েছেন। কোনো এক কারণে গল্পে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যখন তাসনিয়ার চরিত্রটিকে চার-পাঁচ দিন এদের সঙ্গে কথোপকথন চালাতে হয়। পরিচালক বললেন, 'এরা প্রত্যেকেই কিন্তু অনেকটা সময়জুড়ে পর্দায় রয়েছেন। এর আগে কোনো বাংলা ছবিতে এরকম হয়েছে বলে মনে হয় না। ওদের প্রত্যেকের ইংরেজি বলার ধরন আলাদা বলে ডাবিং করিনি। সিঙ্ক সাউন্ড ব্যবহার করেছি।'

ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। দুজনেরই একসঙ্গে কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। অতনুর কথায়, 'আমি ওকে বলেছিলাম এমন একটা চরিত্রে কাস্ট করব, যেটা দর্শক মনে রাখবেন। অবশেষে এবার সেই সুযোগটা পেলাম।' একজন পরিচালক হিসেবে আর একজন পরিচালককে পরিচালনা করা কতটা কঠিন? অতনুর কথায়, 'অ্যাকশন থেকে কাট-এর মাঝে কৌশিক যেন নিজের সঙ্গে কথা বলে। এতটাই শক্তিশালী। এ ছাড়া ওর জীবনবোধ থেকে যেকোনো সংলাপকে ও জীবন্ত করে তুলতে পারে।' সূত্র : আনন্দবাজার