কুড়িগ্রামে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ছয় শিক্ষক-কর্মচারীর বেতন ও এমপিও স্থগিত এবং এক শিক্ষককে বরখাস্তের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। গত মঙ্গলবার অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সইয়ে এ আদেশ জারি হয়। গতকাল বৃহস্পতিবার আদেশটি কুড়িগ্রামের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হাতে পেয়েছে।
কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার শামসুল আলম জানান, এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসে জড়িত থাকার ঘটনায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলাধীন নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছয় শিক্ষক-কর্মচারীর এমপিও এবং বেতন স্থগিত করা হয়েছে। একই সঙ্গে খ-কালীন এক শিক্ষককে বরখাস্তের নির্দেশ দিয়েছেন ম্যানেজিং কমিটির সভাপতি।
অফিস আদেশে বলা হয়, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলাধীন নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছয় শিক্ষক-কর্মচারী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালার পরিপন্থী অপরাধের জন্য তাদের এমপিও স্থগিতের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।