গয়েশ্বরের বিরুদ্ধে দুদকের মামলা চলবে : হাইকোর্ট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার কার্যক্রম বাতিল প্রশ্নে এক যুগের বেশি সময় আগে দেওয়া রুল খারিজ হয়ে গেছে। একই সঙ্গে মামলাটি দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রুল খারিজ করে এ রায় দেয়। ফলে গয়েশ্বর রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের এ মামলার কার্যক্রম এখন চলবে বলে জানিয়েছেন দুদক ও রাষ্ট্রপক্ষের সংশ্লিষ্ট আইনজীবীরা।

আইনজীবীদের দেওয়া তথ্যমতে, ২ কোটি ৮৬ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গয়েশ্বর রায়ের বিরুদ্ধে ২০০৯ সালের ৫ জানুয়ারি রাজধানীর রমনা থানায় মামলা করে দুদক। তদন্ত শেষে একই বছরের ৫ জুলাই সংশ্লিষ্ট আদালতে অভিযোগপত্র দেয় দুদক। মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন গয়েশ্বর রায়।