পটুয়াখালীতে ৯টি দূরপাল্লার যাত্রীবাহী বাস থেকে প্রায় ১২০ মন জাটকা উদ্ধার করেছে কোস্ট গার্ড ও আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার সন্ধ্যার পর পটুয়াখালী সেতুর টোল প্লাজা ও কলাপাড়ার শেখ কামাল সেতুর টোলপ্লাজা এলাকা থেকে এসব মাছ জব্দ করা হয়েছে।
এ সময় জব্দ করা হয়েছে কুষ্টিয়াগামী লিজা পরিবহন নামের একটি বাস। ভ্রাম্যমাণ আদালত ওই বাসের বাসের চালক রুবেল মিয়া ও হেলপার রিপন আলীকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। বাকি ৮ বাসের সুপারভাইজারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পটুয়াখালী শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন আকাশ কুমার কণ্ডু এবং কলাপাড়ায় উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য।
পটুয়াখালী টোলপ্লাজা এলাকায় কুষ্টিয়াগামী লিজা পরিবহন থেকে কোস্টগার্ড ৬০ মন জাটকা জব্দ করে। একই সময়ে কলাপাড়া শেখ কামাল সেতু টোল প্লাজা থেকে ৮টি দূরপাল্লার বাসে অভিযান চালিয়ে ৬০ মন জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।
মৎস্য বিভাগ জানায়, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ২৫ সেন্টিমিটারের ছোট জাটকা ক্রয়, বিক্রয়, পরিবহন ও মজুত দণ্ডনীয় অপরাধ। ১২ ইঞ্চির ছোট পাঙাশ মাছের জন্যও অনুরূপ আইন প্রযোজ্য।
পটুয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আকাশ কুমার কণ্ডু ও কলাপড়া উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য জানান, ভ্রাম্যমাণ আদালতের কাছে দণ্ডপ্রাপ্তরা তাদের অপরাধ স্বীকার করেছে। জব্দকৃত এসব মাছ মাদ্রাসা, এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। জাটকা বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।