ইমরান খানের সন্দেহের তীর প্রধানমন্ত্রী শরিফের দিকে!

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান তার ওপর হামলার নেপথ্যে বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দিকে আঙুল তুলেছেন।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) হামলার পর সন্দেহভাজন হিসেবে যে তিন জনের নাম দলের নেতাদের জানিয়েছেন ইমরান, তাদের মধ্যে রয়েছেন শাহবাজ।

এছাড়াও এই হামলার নেপথ্যে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ও মেজর জেনারেল ফয়জল নাসিরেরও হাত রয়েছে দাবি করেছেন পিটিআই দলের প্রধান। 

এক ভিডিওবার্তায় এ তথ্য জানিয়েছেন ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের মহাসচিব আসাদ ওমর।

ওমরের দাবি হাসপাতাল থেকে তাদের ডেকে পাঠিয়েছিলেন ইমরান। তার পরই এই কথা তাদের জানান। ইমরানের ওপর যে হামলা চালানো হতে পারে, সেই খবর আগেই তিনি পেয়েছিলেন বলে দাবি করা হয়েছে।

ওমর আরও বলেন, উনি (ইমরান) বলেছেন যে, হামলায় ওই তিন ব্যক্তিই জড়িত। শাহবাজ শরিফ, রানা সানাউল্লাহ ও মেজর জেনারেল ফয়জল। তাদের অবিলম্বে পদত্যাগের দাবিও ইমরান জানিয়েছেন বলে উল্লেখ করেছেন ওমর। এই তথ্য দেশবাসীকে জানানোর জন্যও ইমরান তাদের বলেছেন বলে দাবি করেছেন ওমর। 

অন্য দিকে, বৃহস্পতিবার পঞ্জাব প্রদেশে ইমরানের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী কাছ থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন শাহবাজ। সেই সঙ্গে ইমরানের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকালে ওয়াজিরাবাদ জেলার গুজরনওয়ালার আলওয়ালা চকে একটি এসইউভি গাড়িতে চড়ে প্রচার চালাচ্ছিলেন ইমরান। সেখানেই তাকে লক্ষ্য করে পর পর ছয় রাউন্ড গুলি চালানো হয়। গুলি এসে লাগে ইমরানের ডান পায়ে। এই ঘটনায় ইমরান ছাড়ার আরও একাধিক ব্যক্তি আহত হয়েছেন। বর্তমানে ইমরান বিপদমুক্ত বলে জানা গেছে।

ইমরান খানের ওপর এক হামলাকারীর ভিডিও প্রকাশ্যে এসেছে। ওই হামলাকারী জানিয়েছেন, তিনি ইমরানকে মারতে চেয়েছিলেন। কারণ তিনি পাকিস্তানের মানুষদের বিপথে চালিত করছেন। ওই হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবারের হামলায় এক জনের মৃত্যু হয়েছে। তিনি ইমরানের দল পিটিআইয়ের কর্মী বলে জানা গেছে।