জোড়া বুলেটে বিদ্ধ ইমরানের অবস্থা স্থিতিশীল

দুটি গুলি এসে বিদ্ধ হয় সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের। তবে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। 

শুক্রবার (৪ নভেম্বর) ভোরে পিটিআইয়ের এক নেতা ও চিকিৎসক ইয়াসমিন রশিদ বিষয়টি নিশ্চিত করেন। খবর জিও নিউজের।

দলের কেন্দ্রীয় পাঞ্জাব শাখার সভাপতি এজাজ চৌধুরী লাহোরের শওকত খানুম হাসপাতালের সামনে গণমাধ্যমকে বলেন, ইমরান খানের 'মেডিকো-লিগ্যাল' বা শারীরিক অবস্থা নিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

এদিকে ইমরান খানের উদ্ধৃতি দিয়ে ইনসাফ স্টুডেন্টস ফেডারেশন জানিয়েছে, ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের লংমার্চ শুক্রবার বেলা ১১টায় আবার শুরু হবে। আগাম নির্বাচনের দাবিতে ইমরান খান এই লংমার্চের আহ্বান জানিয়েছিলেন।

পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল থেকে ১১টি বুলেট উদ্ধার করেছে। বৃহস্পতিবার ইমরান খানকে টার্গেট করে হামলার পর তদন্তকারীরা বুলেটগুলোর সন্ধান পেয়েছেন।

পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাবের উজিরাবাদের ঘটনাস্থল থেকে ১১টি বুলেট উদ্ধার করা হয়েছে। এগুলোর মধ্যে ৯টি পিস্তল বুলেটের, দুটি বড় আগ্নেয়াস্ত্রের।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকালে ওয়াজিরাবাদ জেলার গুজরনওয়ালার আলওয়ালা চকে একটি এসইউভি গাড়িতে চড়ে প্রচার চালাচ্ছিলেন ইমরান। সেখানেই তাকে লক্ষ্য করে পর পর ছয় রাউন্ড গুলি চালানো হয়। গুলি এসে লাগে ইমরানের ডান পায়ে। এই ঘটনায় ইমরান ছাড়ার আরও একাধিক ব্যক্তি আহত হয়েছেন। নিহত হয়েছেন একজন।

ইমরান খানের ওপর এক হামলাকারীর ভিডিও প্রকাশ্যে এসেছে। ওই হামলাকারী জানিয়েছেন, তিনি ইমরানকে মারতে চেয়েছিলেন। কারণ তিনি পাকিস্তানের মানুষদের বিপথে চালিত করছেন। ওই হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।