কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিসহ অন্যান্য বিরোধী দলগুলো বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী দলগুলো খুবই তৎপর। তারা নানারকম ষড়যন্ত্র করছে।
শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল স্টেডিয়ামে আগামী ৭ নভেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
ড. আব্দুর রাজ্জাক বলেন, সংবিধানে পরিষ্কার করে বলা আছে নির্বাচনকালীন সময়ে সরকার ক্ষমতায় থাকবেন। আর নির্বাচন পরিচালনা করা সরকারের দায়িত্ব নয়। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও ধর্মান্ধ দলগুলো দেশে অস্থিতিশীল পরিস্থিতির পায়তারা করছে।
তিনি বলেন, বিএনপি পূর্বের মতো জ্বালাও পোড়াও করবে গাড়িতে আগুন দিবে, ট্রেন লাইন তুলে ফেলবে, পুড়িয়ে মানুষ হত্যা করবে। এটা তাদের আর করতে দেয়া হবে না। বিএনপি কোন প্রকার আন্দোলন করতে পারবে না। বিএনপি একটা পর্যায় গিয়ে সংসদ নির্বাচনে অংশ গ্রহণের জন্য আসবে আমরা সেই পরিস্থিতি সৃষ্টি করবো।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়াম্যান ফজলুর রহমান খান ফারুক, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, আহসানুল হক টিটু প্রমুখ।