দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার প্রতিবাদে ৮০টিরও বেশি কামানের গোলা ছুড়েছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় গত বৃহস্পতিবার মধ্যরাতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমুদ্রসীমায় এসব গোলা ছোড়ে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের এমন আচরণে নিজেদের যুদ্ধবিমানগুলো প্রস্তুত রেখেছে সিউল। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানান, গত রাতে দুই কোরিয়ার মধ্যবর্তী মিলিটারি ডিমারকেশন লাইনসহ দক্ষিণ কোরিয়ার বিভিন্ন এলাকায় উত্তর কোরিয়ার প্লেন উড়তে দেখা যায়। এর কিছুক্ষণ পরেই ছোড়া হয় ৮০টিরও বেশি গোলা। তাছাড়া একটি ব্যালিস্টিকসহ একাধিক মিসাইলও ছোড়া হয়। জবাবে অন্তত ২৩টি মিসাইল ছোড়ে দক্ষিণ কোরিয়া। ইউন সুক-ইওল প্রশাসনের দাবি, এর আগে একসঙ্গে এতগুলো মিসাইল ছোড়েনি সিউল।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানায়, এফ-৩৫ যুদ্ধবিমান ছাড়াও ৮০টি যুদ্ধবিমান প্রস্তুত রেখেছে তারা।