আফগানিস্তানের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ নবী। কাল অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষে টুইটারে নিজের পদত্যাগের বার্তা প্রকাশ করেন তিনি।
লিখিত বার্তায় নবী জানিয়েছেন, ‘আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শেষ। এই ফল আমরা কিংবা আমাদের সমর্থকরা, কেউই প্রত্যাশা করিনি। গত এক বছর ধরেই আমাদের দলের প্রস্তুতি যেভাবে চলছিল সেটা কোনো অধিনায়কই চাইবে না বা বিশ্বকাপের মতো বড় আসরের আগে এমন প্রস্তুতি সন্তোষজনক নয়। গত বেশ কয়েকটা সফরে আমি, নির্বাচকম-লী এবং টিম ম্যানেজমেন্টের ভেতর ঐকমত্য ছিল না যেটা দলের ভারসাম্যে প্রভাব ফেলেছে। এই কারণে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াচ্ছি। তবে আমি খেলা চালিয়ে যাব, দলের যখনই আমাকে দরকার হবে আমি সেই ডাকে সারা দেব।’