হাতিয়ায় দুপক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে নিহত ১

নোয়াখালীর হাতিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে হামলায় একজন নিহত হয়েছেন। তার নাম আবুল হাসেম মাঝি (৫৫)।  গত বৃহস্পতিবার রাতে বুড়িরচর ইউনিয়নের রহমতপুর বাজারে এ ঘটনা ঘটে। এতে আরও একজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বুড়িরচর ইউনিয়নের সাগরিয়া গ্রামের বাহার উদ্দিনের ছেলে শরীফ উদ্দিন ও রেহানিয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে জুয়েল। 

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জায়গাজমি নিয়ে বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের মো. হোসেন (২৮) ও সাগরের (২০) সঙ্গে একই এলাকার ফয়েজ উদ্দিনের (৩০) বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সমস্যার সমাধানে উভয় পক্ষ স্থানীয় রহমতপুর বাজারে আলোচনায় বসে। এ সময় দুপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ থামাতে গিয়ে আবুল হাসেম মাঝি হামলার শিকার হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন শুক্রবার দেশ রূপান্তরকে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল  হাসপাতালে পাঠানো হয়েছে। বুড়িরচরের খুনের ঘটনায় থানায় মামলা হয়েছে।