অধিনায়কদের হতাশার বিশ্বকাপ

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশিরভাগ দলগুলোর অধিনায়কদের পারফরম্যান্সই হতাশার। রোহিত শর্মা থেকে অ্যারন ফিঞ্চ, সাকিব আল হাসান থেকে মোহাম্মদ নবি- বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত খুব বেশি প্রভাব রাখতে পারেননি কেউই।

সুপার টুয়েলভ পর্বে খেলা দলগুলোর মধ্যে এখন পর্যন্ত মাত্র দুজন অধিনায়ক ১০০ রানের গণ্ডি পার করেছেন। ১৩২ করে অধিনায়কদের তালিকার শীর্ষে রয়েছেন কেন উইলিয়ামসন। আর অ্যারন ফিঞ্চ ১০৭ রান করে অধিনায়কদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন।

আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবার্নির রান অবশ্য ১৫৩। তবে আইরিশরা প্রথম পর্বে খেলেছে। তাই ম্যাচ সংখ্যাও বেশি বালিবার্নির। সাত ম্যাচ খেলেছেন তিনি।

কেন উইলিয়ামসন এবার সেভাবে ছন্দে ছিলেন না। শুক্রবারই আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৫ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। যে কারণে তিনি ১০০ রানের গণ্ডি টপকে যান।

ভারত অধিনায়ক রোহিত শর্মার কথা বললে, চার ম্যাচে এক ফিফটিতে মাত্র ৭৪ রান করেছেন। পাকিস্তান অধিনায়ক বাবর আজমের অবস্থা তার চেয়েও খারাপ। ৩.৫০ গড়ে মাত্র ১৪ রান করেছেন বাবর।

ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার ৩ ম্যাচে ৯১ করেছেন। দক্ষিণ আফ্রিকার তেম্বা বাভুমা ৪ ম্যাচে ৫০, বাংলাদেশের সাকিব আল হাসান ৪ ম্যাচে ৪৪ এবং মোহম্মদ নবী ৩ ম্যাচে ১৭ রান করেছেন। নবী তো অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলার পর নেতৃত্বও ছেড়ে দিয়েছেন।