তালেবানের আদেশ মতো আপাদ-মস্তক ঢাকা বোরখা না পরায় মেয়েদের বিশ্ববিদ্যালয়ে ঢুকতে বাধা দেওয়া ও মারধর করার ঘটনা ঘটলো আফগানিস্তানে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলের বাদাখশান বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ক্লাস করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তালেবানের বিরুদ্ধে। গত রবিবার ঘটেছে এই ঘটনা।
ওই নারী শিক্ষার্থীদের দোষ একটাই, তারা তালেবানের নির্দেশ মতো আপাদ-মস্তক ঢাকা বোরখা পরেননি। তাই তারা বিশ্ববিদ্যালয়ে ঢুকতেই সেখানকার মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। অনির্দিষ্ট কালের জন্য তাদের বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে।
শুধু তা-ই নয়, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা নারী শিক্ষার্থীদের উদ্দেশে প্রশ্ন করেন যে, মেয়ে হয়েও তাদের উচ্চশিক্ষা লাভ করার এত ইচ্ছা কেন?
বিশ্ববিদ্যালয়ে ঢুকতে মরিয়া মেয়েরা বিশ্ববিদ্যালয়ের জানলায় চাপড় মারতে শুরু করলে এক নিরাপত্তারক্ষী তাদের দিকে তেড়ে যান। ওই শিক্ষার্থীদের কয়েকজনকে মারধর করারও অভিযোগ উঠেছে।
এই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে মেয়েদের দিকে তেড়ে যাচ্ছেন ওই নিরাপত্তারক্ষী। তবে, বিশ্ববিদ্যালয়ের সভাপতি নাকিবুল্লাহ কাজিজাদা অবশ্য জানিয়েছেন, মেয়েদের অনুরোধে তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের দরজা ফের খুলে দেওয়ার বিষয়ে তারা চিন্তাভাবনা করবেন।
২০২১ সালের অগস্টে তালেবান ফের আফগানিস্তানের শাসনক্ষমতায় আসার পরে থেকেই মেয়েদের চলাফেরা, কথা বলা, পোশাক, শিক্ষা ও চাকরিতে একগাদা নিষেধাজ্ঞা আরোপের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। নারীদের ওপর শারীরিক অত্যাচারের একাধিক ঘটনাও প্রকাশ্যে এসেছে। দেশটির হাইস্কুলের দরজাও মেয়েদের জন্য এখনো বন্ধ রয়েছে।