এবার বছর শেষ না হতেই ডেঙ্গুতে ১৬৭ মৃত্যু

দেশে ডেঙ্গুতে এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর তিন ধরনের তথ্য পাওয়া গেছে। বিভিন্ন গণমাধ্যমে সর্বোচ্চ মৃত্যুর বছর ২০১৯ সাল উল্লেখ করা হলেও সংখ্যা নিয়ে তারতম্য দেখা দিয়েছে। সে বছর মোট মৃত্যুর তিন ধরনের তথ্য এসেছে। তা হলোÑ ১৬৪, ১৭৯ ও ১৮৯ জন। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ সংশোধিত সংবাদ বিজ্ঞপ্তি হাতে পেয়েছে দেশ রূপান্তর।

তাতে দেখা গেছে, ২০১৯ সালে মোট মৃত্যু ছিল ১৭৯ জনের এবং দেশ রূপান্তর প্রথম থেকে এ তথ্যই প্রচার করছে। সেখানে বলা হয়েছে, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) সে বছরের শেষ দিন পর্যন্ত ২৭৬টি মৃত্যুর তথ্য পাঠানো হয়। আইইডিসিআর মৃত্যুর এসব তথ্য পর্যালোচনা শেষ করে ১৭৯টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করে। কিন্তু গতকাল পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে থাকা পুরনো সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এত দিন সর্বোচ্চ মৃত্যু ছিল ২০১৯ সালে ১৬৪ জনের।

ফলে এ বছর এখনো দেশে ডেঙ্গুতে মৃত্যু ও রোগীর দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) নতুন করে ৫ জন মারা গেছে। এ নিয়ে এ বছর মারা গেল ১৬৭ জন। এর আগে এর চেয়ে বেশি মৃত্যু হয়েছিল ২০১৯ সালে, সর্বোচ্চ প্রাদুর্ভাবের বছরে। সে বছর মৃত্যু ছিল ১৭৯।

ডেঙ্গুতে চলতি নভেম্বরের পাঁচ দিনেই মারা গেছে ২৬ জন, দৈনিক গড় মৃত্যু ছিল ৫ জন। এর আগের মাসে এ বছরের সর্বোচ্চ ৮৬ জনের মৃত্যু হয়। ওই মাসে দৈনিক গড় মৃত্যু ছিল প্রায় তিনজন করে। এ বছরের এখনো দ্বিতীয় সর্বোচ্চ মারা গেছে সেপ্টেম্বরে, ৩৪ জন।

এ বছর এখন পর্যন্ত যে ১৬৭ জন মারা গেছে, তাদের মধ্যে ঢাকা বিভাগের ১০৩ জন। তাদের মধ্যে রাজধানীতে ১০১ জন এবং নরসিংদী ও মানিকগঞ্জ জেলায় একজন করে মারা গেছে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৪২, ময়মনসিংহ বিভাগে ৪, খুলনা বিভাগে ৮, রাজশাহী বিভাগে ৪ এবং বরিশাল বিভাগে ৬ জনের মৃত্যু হয়েছে।