উপমহাদেশের প্রখ্যাত শিল্পী ড. ভূপেন হাজারিকার ১১তম প্রয়াণ দিবস উপলক্ষে গতকাল শনিবার শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, হাজারিকা কেবল শিল্পী ছিলেন না তিনি একজন দার্শনিকও ছিলেন। ফারজানা করিমের উপস্থাপনায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠানের শুরুতে ভূপেন হাজারিকাকে নিয়ে লেখা দুটি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। ভূপেন হাজারিকাকে নিয়ে স্মৃতিচারণ করেন ওপার বাংলার কণ্ঠশিল্পী মনিষা হাজারিকা।
অনুষ্ঠানে ভারত থেকে আগত অতিথিদের অভ্যর্থনা জানাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসিম কুমার উকিল এমপি ও সম্মানিত অতিথি হিসেবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা সংকর লালা গোয়েংকাসহ অনেকেই উপস্থিত ছিলেন।