টুইটারে নীল চিহ্ন বা ব্লু টিকের নতুন নিয়ম চালু হয়ে গেল আইফোন ব্যবহারকারীদের জন্য। আইফোনে যারা টুইটার ব্যবহার করেন, তাদের ব্লু টিক পেতে হলে এখন থেকে মাসে প্রায় ৮ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০৬ টাকা) খরচ করতে হবে।
নতুন এই ব্যবস্থার নাম দেওয়া হয়েছে ‘টুইটার ব্লু’। এর মাধ্যমে ব্যবহারকারীরা আরও বেশি সুযোগ সুবিধা পাবেন বলে জানিয়েছেন টুইটার কর্তৃপক্ষ। তবে আইফোনে ‘টুইটার ব্লু’ আপাতত কয়েকটি দেশেই চালু হয়েছে। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ব্রিটেনের আইফোন ব্যবহারকারীদের টুইটারে ব্লু টিক রাখতে হলে বাড়তি টাকা দিতে হবে।
ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর থেকেই একের পর এক চমক দিয়েছেন। সিইও ছাঁটাই থেকে শুরু করে গণহারে কর্মী ছাঁটাই।
ব্লু টিকের জন্য নতুন ব্যবস্থার কথা কিছুদিন আগেই ঘোষণা করেছিলেন মাস্ক। ইতিমধ্যে কিছু কিছু দেশে আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন ব্যবস্থা চালু করে দেওয়া হল।
নতুন ব্যবস্থা অনুযায়ী, টুইটারে ব্লু টিক পেতে হলে মাসে ৭.৯৯ ডলার খরচ করতে হবে। যাদের ব্লু টিক আগে থেকেই রয়েছে, তাদেরও টাকা দিয়ে ‘টুইটার ব্লু’-তে সাবস্ক্রিপশন নিতে হবে। ৯০ দিনের মধ্যে তা না করলে ব্লু টিক হারাতে পারেন ব্যবহারকারীরা।