রাশিয়াকে ড্রোন সরবরাহ করার কথা প্রথমবারের মতো স্বীকার করেছে ইরান। তবে দেশটি বলেছে যে, ইউক্রেন যুদ্ধের মাসখানেক আগেই তারা ড্রোন পাঠিয়েছিল।
শনিবার তেহরানে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান বলেন, পশ্চিমাদের দাবি- এই যুদ্ধের জন্য মস্কোকে ইরানিয়ান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়েছিল।
‘তাদের মন্তব্যের ক্ষেপণাস্ত্রের বিষয়টি একেবারেই ভুল এবং ড্রোনের অংশটি সঠিক। আমরা নির্দিষ্ট সংখ্যক ড্রোন রাশিয়ায় পাঠিয়েছিলাম তবে সেটি ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার এক মাস আগে।’
ইরানের কর্মকর্তারা এর আগে বলেছিলেন যে, অনেক সময়েই তেহরানের সঙ্গে রাশিয়ার ‘প্রতিরক্ষা’ সহযোগিতা ছিল, কিন্তু ‘ইউক্রেনের যুদ্ধে ব্যবহার করার উদ্দেশ্যে’ ক্রেমলিনকে অস্ত্র সরবরাহ করেনি।
আমিরাবদুল্লাহিয়ান শনিবার পুনর্ব্যক্ত করেন যে, ‘ইরান এই যুদ্ধে কোনো পক্ষেরই সমর্থক নয় এবং ইউক্রেনের সঙ্গে কথা বলতে প্রস্তুত।’
তিনি বলেন, যদি আমরা ইউক্রেনের কর্মকর্তাদের জোর দিয়ে বলছি যে যদি তারা ইউক্রেনে হামলায় রাশিয়া দ্বারা ইরানি ড্রোন ব্যবহারের কোনো প্রমাণ থাকে তবে তাদের উচিত তা আমাদের কাছে উত্থাপন করা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার তার রাতের ভাষণে ইরানি কর্মকর্তাদের মিথ্যাবাদী বলে অভিযুক্ত করেছেন।