ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে তানিয়া বেগম নামে এক যাত্রী ছেলে সন্তান জন্ম দিয়েছেন।
শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা এলাকায় এ ঘটনা ঘটে।
পরে রেলওয়ের কর্মকর্তাদের সহায়তায় ওই প্রসূতি মাকে কুমিল্লা স্টেশনে নামিয়ে স্থানীয় খিদমাহ হাসপাতালে ভর্তি করা হয়।
রেলওয়ে সূত্রে জানা যায়, নরসিংদী সদর উপজেলার বালুসাইর গ্রামের এরশাদের অন্তঃসত্ত্বা স্ত্রী তানিয়া বেগম তার বাবা গোলাম মাওলা ও মায়ের সঙ্গে লক্ষ্মীপুর জেলার রামগতির বাবার বাড়ি আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে করে যাচ্ছিলেন। ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন ছেড়ে আসলে ওই গৃহবধূর প্রসব ব্যথা দেখা দেয়।
পরে ট্রেনে কর্তব্যরত জুনিয়র রেলওয়ে পরিদর্শক (জেআরআই) ড. আমিনুল ইসলাম বিষয়টি জানতে পেরে চট্টগ্রাম রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় ওই ট্রেনে থাকা একজন চিকিৎসকের সহায়তা নেয়া হয়। ততক্ষণে ওই গৃহবধূ ট্রেনের মধ্যেই একটি ছেলে সন্তানের জন্ম দেন।
ট্রেনটি কুমিল্লা স্টেশন পৌঁছালে জেআরআই আমিনুল ইসলাম উন্নত চিকিৎসার জন্য নবজাতকসহ গৃহবধূকে কুমিল্লার একটি প্রাইভেট হাসপাতালে প্রেরণ করেন।
লাকসাম রেলওয়ে জংশন স্টেশনের জুনিয়র রেলওয়ে পরিদর্শক (জেআরআই) ড. আমিনুল ইসলাম বলেন, তানিয়া বেগম নরসিংদী থেকে উপকূল ট্রেনে করে লক্ষ্মীপুর যাচ্ছিলেন। পথে প্রসব বেদনা উঠলে ট্রেনেই ছেলে সন্তানের জন্ম দেন। চিকিৎসকরা জানিয়েছে মা ও নবজাতক সুস্থ আছেন।