কক্সবাজারের টেকনাফে স্কুলছাত্রী ও এসএসসি পরীক্ষার্থীর (১৫) অপহরণকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সহপাঠী স্কুলশিক্ষার্থীরা। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার উচ্চবিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে শিক্ষার্থী ছাড়াও শিক্ষক এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
জানা যায়, নয়াবাজার উচ্চবিদ্যালয়ের ২০২৩ সালের ওই এসএসসি পরীক্ষার্থী গত ২৬ অক্টোবর বিকেলে নির্বাচনী পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে কামরুল ইসলাম ওরফে আব্বুইয়া নামে এক যুবক তাকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়। পরে সহপাঠীদের মাধ্যমে খবর পেয়ে ওই ছাত্রীর বাবা সরকারি জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির একদল পুলিশ তাকে উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় আব্বুইয়া ও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে ওই ছাত্রী বাদী হয়ে আব্বুইয়াকে প্রধান আসামি করে টেকনাফ মডেল থানায় একটি মামলা করে।
মানববন্ধনে সহপাঠীরা দাবি করে, আব্বুইয়া ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজে এসব অপরাধ দিন দিন বাড়তে থাকবে।
নয়াবাজার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপম কান্তি বড়ুয়া বলেন, ঘটনার পর থেকে ওই ছাত্রী স্কুলে আসছে না। পরিবারের পক্ষ থেকে নিরাপত্তাহীনতার কথা বলা হয়েছে।
তবে পুলিশ জানায়, হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী মহেশখালিয়া পাড়ার মমতাজ মিয়ার ছেলে কামরুল ইসলাম ওরফে আব্বুইয়া এলাকার চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী। সে অস্ত্র-মাদক কারবার এবং নারী ও শিশু নির্যাতনসহ চারটি মামলার পলাতক আসামি। তাকে আটক করতে পুলিশ কাজ করছে।