চোটের কারণে প্রায় দশ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন অ্যাস্টন ভিলার ব্রাজিলিয়ান তারকা ফিলিপে কুতিনহো। যার অর্থ আসছে কাতার বিশ্বকাপে খেলা হবে না তার।
এমনিতেই সময়টা ভালো যাচ্ছিল না কুতিনহোর। ফর্মহীনতায় দলে জায়গা পেতে সংগ্রাম করতে হচ্ছিল। এবার চোট ৩০ বছর বয়সী ফুটবলারকে ছিটকে দিল বিশ্বকাপ থেকে।
কুতিনহো চোট পেয়েছেন ঊরুর পেশিতে। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে রবিবার ভিলার ৩-১ গোলে জয়ের ম্যাচে কুতিনহো স্কোয়াডে ছিলেন না।
দলটির নতুন কোচ উনাই এমেরি নিশ্চিত করেছেন, বৃহস্পতিবার ওল্ড ট্র্যাফোর্ডে কারাবাও কাপেও খেলা হবে না কুতিনহোর। খেলতে পারবেন না ব্রাইটনের বিপক্ষে পরের লিগ ম্যাচেও।
গত জানুয়ারিতে বার্সেলোনা থেকে ধারে ভিলায় পাড়ি দেন কুতিনহো। পরে তাকে পাকাপাকিভাবে রেখে দেয় ইংলিশ ক্লাবটি।
২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপে নিজেদের মিশন শুরু করবে ব্রাজিল।