বিয়ে করলেন ‘আশিকি ২’ ছবির সুরকার-গায়িকা মিথুন ও পলক

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বলিউড ছবি ‘আশিকি ২’র সুরকার ও গায়িকা জুটি। স্বামী-স্ত্রী হলেন পলক মুছল ও মিথুন শর্মা।

রবিবার সন্ধ্যায় চার হাত এক হল দুজনের। মুম্বাইতে বিয়ে হলেও পলক-মিথুনের রিসিপশন হবে ইন্দোরে। কয়েক বছর ধরে চুপিচুপি প্রেম করেছেন মিথুন-পলক। অবশেষে পরিণতি পেল তাদের প্রেম।

আশিকি ২’ ছবিতে ‘চাহু ম্যায় ইয়া না’ গান হোক কিংবা ‘মেরি আশিকি’। প্রতিটি গানে যেন এই সুরকার-গায়িকা জুটির নেপথ্যের রসায়ন গভীর হয়েছে।

কাজের সূত্রেই দেখা এই জুটির, ধীরে ধীরে গভীর হয় তাদের সম্পর্ক। অবশেষে সুরের বন্ধনে বাঁধা পড়লেন এই জুটি।

বিয়ের পর ছবি শেয়ার করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পলক লেখেন, ‘‘আজ থেকে সারা জীবনের জন্য আমরা একে অপরের হয়ে গেলাম, নতুন পথ চলা শুরু।’

বিয়ের দিন লাল টুকটুকে লেহেঙ্গা হাতে লাল চূড়া, সাবেকি গয়নায় সাজেন গায়িকা।

অন্যদিকে মিথুন পরেন বেজরঙা শেরওয়ানি, পলকের পোশাকের সঙ্গে রঙ মিলিয়ে পরলেন লাল স্টোল। নবদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দেন সঙ্গীত জগতের তারকারা।

যার মধ্যে রয়েছেন তুলসী কুমার, শান, দিব্যা খোসলা কুমার, জ্যাসলিন রয়্যাল-সহ একাধিক শিল্পী।

রবিবার বিয়ের পর মুম্বাইতে সেখানকার বন্ধুবান্ধবের জন্য রিসিপশনের আয়োজন করেন পলক-মিথুন। সেখানে সন্ধ্যায় দেখা গেল সোনু নিগম, রুবিনা দিলায়েক, তার স্বামী অভিনব শুক্ল-সহ একাধিক শিল্পীকে।