ভিলেনকে ঘিরেই 'ব্রহ্মাস্ত্র ২’-এর কাহিনি, ভাবা হচ্ছে বিজয় দেবারাকোণ্ডার নাম

বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি 'ব্রহ্মাস্ত্র' সিংহভাগ দর্শকেরই পছন্দ হয়েছিল। রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ছবিটির মাধ্যমেই দ্বিতীয় ভাগের ইঙ্গিত দেওয়া হয়েছিল। প্রথম ভাগের গল্প এগিয়েছিল 'শিব' অর্থাৎ রণবীরকে কেন্দ্র করে। দ্বিতীয় ভাগের কেন্দ্রে থাকবে খলচরিত্র 'দেব'। বলিউডে গুঞ্জন, চরিত্রটির জন্য নির্মাতাদের তরফে প্রস্তাব গিয়েছে বিজয় দেবারাকোণ্ডার কাছে।

এর আগে শোনা গিয়েছিল, চরিত্রটির জন্য প্রথমে হৃত্বিক রোশনের কাছে প্রস্তাব গিয়েছিল। হৃত্বিক রাজি না হওয়ায় নির্মাতারা রণবীর সিংকে নিয়ে এগোতে চাইছিলেন। এমনকি, প্রস্তাব গিয়েছিল 'কেজিএফ'-খ্যাত যশের কাছেও। কিন্তু সূত্রের দাবি, রণবীর ও যশ এই ছবি থেকে সরে দাঁড়ান। ফলে এখন নাকি দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোণ্ডার কাছে প্রস্তাব গেছে।

মাসকয়েক আগে মু্ক্তি পায় 'লাইগার'। বলিউডে এটাই ছিল বিজয়ের প্রথম কাজ। কিন্তু ছবিটি বক্স অফিসে সফল হয়নি। 'ব্রহ্মাস্ত্র' ও 'লাইগার’-এর প্রযোজক করণ জোহর। সূত্রের দাবি, 'লাইগার'-এর ব্যর্থতার পর করণ নাকি এমন একটা ছবি চাইছেন, যেটা হিন্দি ছবির জগতে বিজয়কে প্রতিষ্ঠা করতে পারে। তাই স্বাভাবিকভাবেই তিনি 'দেব' চরিত্রটার জন্য বিজয়কে ভাবছেন।

আরো একটি কারণ সামনে আসছে। মূল ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন দক্ষিণী অভিনেতা নাগার্জুন। এই ধরনের কাস্টিং সব সময়েই দক্ষিণী দর্শকের ছবি ঘিরে বাড়তি আকর্ষণ তৈরি করে। তাই এবারেও বিজয়কে নিয়ে একই উদ্দেশ্য পূরণ করতে চাইছেন করণ।

'ব্রহ্মাস্ত্র ২' ছবিতে রণবীর-আলিয়া তো থাকছেনই। সঙ্গে আরো কিছু নতুন চরিত্র আসবে। আগামী বছরের শেষভাগে 'ব্রহ্মাস্ত্র ২'-এর শুটিং শুরু হতে পারে বলে শোনা যাচ্ছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া