ডেঙ্গু জ্বরে আক্রান্ত এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ

ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম) এর চেয়ারম্যান ববি হাজ্জাজ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকদের পরামর্শ মেনে গুলশানের বাসায় অবস্থান করছেন তিনি।

জানা গেছে, শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন ববি হাজ্জাজ। তরুণ এই রাজনীতিবিদ তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সোমবার দেশ রূপান্তরকে এসব কথা জানিয়েছেন এনডিএমের যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন।

জ্বরসহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেওয়ায় চিকিৎসকের পরামর্শে গত ৩ নভেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর পরীক্ষা করান ববি হাজ্জাজ। পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে তার। এরপর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী গুলশানের নিজ বাসভবনে অবস্থান করছেন তিনি। সেখানেই তার চিকিৎসা চলছে।   

অসুস্থতার কারণে শুক্রবার বিকেলে রাজধানীর প্রেসক্লাব এলাকায় “রিজার্ভের অর্থের প্রকৃত তথ্য প্রকাশ, জ্বালানি নিরাপত্তা এবং শিল্পক্ষেত্রে নিয়মিত গ্যাস সাপ্লাই” এর দাবিতে এনডিএম যে বিক্ষোভ মিছিলের আয়োজন করে তাতে অংশ নেওয়ার কথা ছিল ববি হাজ্জাজের। কিন্তু অসুস্থতার কারণে তিনি অংশ নিতে পারেননি।