ইমো আইডি হ্যাক করে অর্থ আত্মসাতের অভিযোগে একটি চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ। গত রবিবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মো. আব্দুল মমিন (১৮), মো. রবিউল ইসলাম ওরফে রবি (১৮), মো. শহিদুল ইসলাম ওরফে শহিদ (১৯), মো. সাব্বির (১৮), মো. চাঁন মোল্লা (৩৫) ও মো. আরিফুল ইসলাম (২৬)। তাদের কাছ থেকে ১২টি মোবাইল ফোন, হ্যাকিং কাজে ব্যবহৃত বিভিন্ন মোবাইল অপারেটরের ১৯টি সিমকার্ড জব্দ করা হয়। তাদের অধিকাংশের বাড়ি রাজশাহী ও নওগাঁ জেলায়।
গতকাল সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ এসব তথ্য জানান।
ডিবি জানিয়েছে, চক্রটি নওগাঁকেন্দ্রিক হলেও তারা ইমো হ্যাকের প্রশিক্ষণ নেয় মাদারীপুরের আরেকটি চক্র থেকে। দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তির ইমো আইডি হ্যাক করে তারা গত ২-৩ মাসে ৫০ লাখ টাকা অর্থ আত্মসাৎ করেছে।