জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জিমিং। এসময় তার সঙ্গে ছিলেন ফার্স্ট সেক্রেটারি জেং উই এবং ফেং জিজিয়া। বৈঠকে দুই দেশের সামাজিক, অর্থনৈতিক ও বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।
গতকাল সোমবার দুপুরে জাপা চেয়ারম্যানের রাজধানীর উত্তরার বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাক্ষাৎ অনুষ্ঠানের বিভিন্ন তথ্য জানান।
লি জিমিং বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বস্ত বন্ধু হিসেবে। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ উদ্যোগী হয়ে বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করেন। এখনো চীনের সাধারণ মানুষ তাকে উন্নয়নের একজন বিশ্বনন্দিত জনক হিসেবেই জানেন।