বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির অভিযোগে ঢাকা ও নড়াইলে করা দুটি মামলায় তার জামিনের মেয়াদ বাড়িয়েছে হাইকোর্ট। আইনজীবীদের মাধ্যমে খালেদা জিয়ার করা আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে বিএনপির চেয়ারপারসনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী কায়সার কামাল। তিনি সাংবাদিকদের বলেন, ‘দুটি মামলাতে হাইকোর্ট বিএনপি চেয়ারপারসনের জামিনের মেয়াদ বর্ধিত করেছেন। আদালত বলেছেন, দুই মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত তিনি জামিনে থাকবেন।’
২০১৫ সালের ২১ ডিসেম্বর মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে একই বছরের ২৪ ডিসেম্বর নড়াইলে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করেন।