নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণে দুই যুবক দগ্ধ হয়েছেন। এরা হলেন রেজা নুর রহমান বাবন (রাজু) (২২) ও তার বন্ধু মাহিন মাজন (২০)।
গতকাল সোমবার বেলা সোয়া ১টার দিকে উপজেলার চৌধুরীবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া রেজার স্ত্রী চাঁদনী রহমান জানান, চৌধুরীবাড়ি এলাকায় ‘মারভিলা’ নামে নিজেদের এক তলা বাড়ি রেজাদের। বাড়িতেই মিউজিক স্টুডিও তৈরি করছেন তিনি। সেখানে তিনি ও তার বন্ধু মাহিন মিউজিক কম্পোজ করেন। দুপুরে দুজন মাত্রই রুমটিতে ঢুকে এসি চালু করেছেন। এর পরপরই বিকট বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে তাদের শরীরে আগুন লেগে যায়। এছাড়া রুমের দরজা জানলা ভেঙে যায় ও আগুন ধরে যায়। তাদের চিৎকার শুনে স্বজনরা দেখতে পেয়ে পানি ঢেলে তাদের শরীরের আগুন নেভান। এরপর তাদেরকে স্থানীয় খানপুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাদেরকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়।