লিবিয়ায় জমি লিজ নিয়ে চাষাবাদ করতে চায় বাংলাদেশ

লিবিয়ায় জমি লিজ নিয়ে চাষাবাদ করতে চায় বাংলাদেশ। দেশটিতে পড়ে থাকা চাষাবাদ উপযোগী জমিগুলোতে চুক্তিভিত্তিক চাষাবাদের এ প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়ে বলেছে, ঢাকায় নিযুক্ত লিবিয়ার নতুন রাষ্ট্রদূত আব্দুল মুতালিব সুলিমান সৌজন্য সাক্ষাতে এলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ প্রস্তাব দেন।

শাহরিয়ার আলম বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা প্রতিষ্ঠা এবং অবৈধ অভিবাসন রোধে লিবিয়ার সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দেন।

এ সময় লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুল মুতালিব সুলিমান বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্স, ইঞ্জিনিয়ার এবং টেশনিশিয়ান নেওয়ার আগ্রহ প্রকাশ করে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতে একটি যৌথ কমিশন গঠনের প্রস্তাব দেন। তিনি লিবিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণ করার অনুরোধ করেন।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অসামান্য অগ্রগতির সাফল্য তুলে ধরে বলেন, বাংলাদেশ বিশ্বের দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও উন্নত করতে চায়। রাষ্ট্রদূতকে বাংলাদেশ ও লিবিয়ার ৫০ বছরপূর্তি উপলক্ষে যৌথভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণেরও প্রস্তাব দেন শাহরিয়ার আলম।