ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেছেন, বিএনপির সমাবেশ থেকেই অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা করা হয়েছিল। গতকাল সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডিবিপ্রধান বলেন, ‘বিচারপতি মানিকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে আমরা গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও আমরা বিশ্লেষণ করছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি, যে রাস্তা দিয়ে বিচারপতি মানিকের গাড়িটি যাচ্ছিল, সেটি ফাঁকাই ছিল। বিএনপির সমাবেশ থেকে তার ওপর হামলা করা হয়।’ এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও জানান তিনি।