সেমিফাইনালের আগে রোহিতের চোট

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারত। এর ঠিক ৪৮ ঘণ্টা আগে চোট পেলেন রোহিত শর্মা।

অ্যাডিলেডে মঙ্গলবার নেট অনুশীলনের সময় হাতে বল লাগে রোহিতের। তাকে থ্রো ডাউন দিচ্ছিলেন থ্রো ডাউন বিশেষজ্ঞ রঘু রাঘবেন্দ্র। পুল করতে গিয়ে রোহিত টাইমিং করতে পারেনি। বলটা তার হাতে এসে লাগে।

অধিনায়কের চোট স্বাভাবিকভাবেই চিন্তায় ফেলেছে ভারতীয় দলকে। চোট পাওয়ার পর বেশ কিছুক্ষণ হাতে আইস প্যাক বেঁধে বসেছিলেন রোহিত। প্রকাশ্যে এসেছে সেই ভিডিও।

ভিডিওতে দেখা যায়, রোহিতের ডান হাতে বরফ বেঁধে দেওয়া হয়। তার মুখ দেখে মনে হচ্ছিল বেশ যন্ত্রণা করছে। অনুশীলনের জায়গায় রাখা একটি আইস বক্সের উপর বসেছিলেন তিনি।

রোহিতের সঙ্গে বেশ কিছু ক্ষণ কথা বলেন মনোবিদ প্যাডি আপটন। বেশ কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর রোহিত আবার ব্যাটিং করতে আসেন। কিন্তু তখন তাকে শুধু রক্ষণাত্মক শট খেলতেই দেখা যায়। থ্রো ডাউন দিলেও খুব বেশি জোরে বল ছোরা হচ্ছিল না রোহিতকে।

রোহিতের চোট কতটা গুরুতর তা দেখবেন ভারতীয় দলের চিকিৎসকরা। তবে এখনও দলের পক্ষ থেকে তার চোট নিয়ে কিছু বলা হয়নি।

এবারের বিশ্বকাপে রোহিত ছন্দে নেই। পাঁচ ম্যাচে এক ফিফটিতে করেছেন ৮৯ রান।