ভারতীয়দের কটাক্ষ করে ফের বিতর্কে নোবেল

গান গেয়েই তার খ্যাতি। এখন অবশ্য বিতর্কিত মন্তব্যের জন্যই খবরের শিরোনাম হন। বাংলাদেশের গায়ক মইনুল আহসান নোবেল বহুবার বিতর্কে জড়িয়েছেন। এবার ভারতীয়দের কুরুচিকর ভাষায় আক্রমণ করে নতুন বিতর্কের জন্ম দিলেন। সোশাল মিডিয়ায় যে ভাষা প্রয়োগ করেছেন, তা লেখার অযোগ্য।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে ৫ রানে হেরে যায় বাংলাদেশ। এই হার মেনে নিতে পারেননি নোবেল। তার জেরেই সোশাল মিডিয়ায় ভারতকে তীব্র আক্রমণ করেন তিনি। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে ব্যঙ্গ করে নোবেল লেখেন- ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। তারপরই অত্যন্ত বিশ্রী ভাষা প্রয়োগ করেন তিনি। এতে তীব্র বিতর্কের সৃষ্টি হয়।

ভারতীয়দের নিয়ে নোবেলের এই আপত্তিকর মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। অনেকেই বাংলাদেশি গায়ককে একহাত নেন। উল্লেখ্য, জনপ্রিয় বাংলা টেলিভিশন চ্যানেলের রিয়ালিটি শো 'সারেগামাপা'র মঞ্চ থেকেই খ্যাতির শিখরে উঠতে শুরু করেছিলেন মইনুল আহসান নোবেল। সেই কথা অনেকেই বাংলাদেশি গায়ককে স্মরণ করিয়ে দেন। এর জেরেই আবার বিতর্কিত কথা ফেসবুকে লেখেন নোবেল।

'ভাই দেখ! আমি কোনো ভারত-টারতের পা চাটি নাই। বরং ভারতবাসী আমার পা ধুয়ে পানি খাইসে। টানা ১১ মাস'- এমন কথাই লেখেন নোবেল। আর তার এই কুরুচিকর পোস্টকে কেন্দ্র করে শোরগোল পড়ে। বিতর্কিত বাংলাদেশি গায়কের এমন স্পর্ধা কিভাবে হতে পারে? সেই প্রশ্ন ওঠে। চাপের মুখে কয়েকঘণ্টার মধ্যেই পোস্টটি নিজের প্রোফাইল থেকে সরিয়ে নেন নোবেল। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। তার পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়।

জনপ্রিয় বাংলা টেলিভিশন চ্যানেলের রিয়ালিটি শো থেকে নোবেলের উত্থান হলেও শো-পরবর্তী সময়ে তিনি বিতর্কে জড়িয়েছেন বেশি। কিংবদন্তিদের বিরুদ্ধে অশালীন মন্তব্য থেকে ধর্ষণের অভিযোগ- সব কিছুতেই নোবেলের নাম জড়িয়েছে। ভারতীয় সংগীত পরিচালকের গান চুরির অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। নিজের ভুল স্বীকার করে একাধিকবার ক্ষমা প্রার্থনা করেন নোবেল। মনোবিদের কাছেও যান। তবে তাতেও বিশেষ লাভ হচ্ছে না বলেই মনে করছেন অনেকে। সূত্র : সংবাদ প্রতিদিন