কাতার বিশ্বকাপের জন্য প্রস্তুত কোটি টাকার কোকেন জব্দ

রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে কোটি টাকা দামের কোকেন জব্দ করা হয়েছে। একই সঙ্গে মাদক চোরাচালান চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো দক্ষিণ শাখা। এসব কোকেন কাতারে অনুষ্ঠিত্ব ফুটবল বিশ্বকাপে পাঠানোর কথা ছিল।

মঙ্গলবার দুপুরে রাজধানীর গেন্ডারিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো দক্ষিণ শাখার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। 

গ্রেপ্তাররা হলেন মিন্টু কর্মকর্তার (৩৪), এজাহার মিয়া (৩৮), মো. নাজিম উদ্দীন ওরফে মুন্না (৪০), মো. নাজিম উদ্দিন (৪৫) ও মোহাম্মদ মামুন (২৭)। 

তবে ওই চক্রের আরেক সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৩৩) পলাতক রয়েছেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজল জানান, আসামিরা সমুদ্রপথে কোটি টাকার কোকেন বাংলাদেশে নিয়ে আসছে এমন সংবাদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে আসে। পরে ক্রেতা সেজে ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ওই চক্রের সন্ধানে কাজ শুরু হয়। এক পর্যায়ে সোমবার সন্ধ্যায় রাজধানীর খিলক্ষেত বাজারের বেপারীপাড়া রোড থেকে ওই চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়। গ্রেপ্তারদের কাছ থেকে ২৫০ গ্রাম কোকেন, পাঁচটি মোবাইল ফোন ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। 

২৫০ গ্রাম কোকেনের দাম এক কোটি টাকা বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওই কর্মকর্তা। 

তিনি আরও জানান, গ্রেপ্তাররা জিজ্ঞাসাবাদে বলে, কক্সবাজারে গাড়িচালক পলাতক আসামি জাহাঙ্গীর আলম গভীর সমুদ্রের একটি ট্রলার থেকে ওই মাদক সংগ্রহ করে। এসব কোকেন কাতারে পাঠানোর চেষ্টা করছিল তারা। এ লক্ষ্যে তারা বন্ধুবান্ধব এবং পরিচিতদের নিয়ে একটি চক্র গড়ে তোলেন। ওই চক্রের সদস্যরা ইতিপূর্বে ইয়াবা কারবারে জড়িত ছিল। কিন্তু অতি লোভের বশে কোকেন চোরাচালানে যুক্ত হয় তারা।