আসছে 'নভেম্বর রেইন' এর দ্বিতীয় কিস্তি, মঞ্চ মাতাবে ১০ ব্যান্ড

শীত এসে গেছে। সকালে ঘন কুয়াশা দেখা যাচ্ছে। যদিও ঢাকায় এখনো শীতের আমেজ পুরোপুরি আসেনি, তবে ভোররাতে শীতল আবহাওয়া জানান দেয়, নগরেও শীত আসছে।

আর এবার এই শীতকে বরণ করতে আসছে দেশের শীর্ষস্থানীয় ১০ ব্যান্ড। গানে গানে মাতাবে শ্রোতাদের। এই ওপেন এয়ার কনসার্টটি হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরার এক্সপো জোনে, আগামী ১২ নভেম্বর। 

আজ মঙ্গলবার (৮ নভেম্বর) বিকালে এ উপলক্ষে দৈনিক ডেইলি স্টার ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে 'নভেম্বর রেইন ভলিউম ২'-এর বিষয়ে বিস্তারিত জানানো হয়। এতে আয়োজকদের সঙ্গে উপস্থিত ছিলেন 'মেঘদল' ব্যান্ডের গায়ক শিবু কুমার শীল ও 'ভাইকিং'-এর ভোকাল তন্ময় তানসেন।

কনসার্টে পারফর্ম করবে অর্থহীন, আর্টসেল, ক্রিপটিক ফেইট, ব্ল্যাক, মেঘদল, চিরকুট, অ্যাশেজ, ইন্দালো, ভাইকিং ও পাওয়ারসার্জ।

আয়োজক সংস্থা ব্র্যান্ডমিথের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের কনসার্টে ব্ল্যাক ও ক্রিপটিক ফেইট ব্যান্ড মিলে 'আশীর্বাদ' নামের একটি গান পরিবেশন করবে। এ ছাড়া অংশ নিতে যাওয়া ব্যান্ডগুলো যে যে ব্যান্ড থেকে অনুপ্রাণিত ও প্রভাবিত, সেই ব্যান্ডেরও একটি করে গান গাইবে। সঙ্গে নিজেদের জনপ্রিয় গানগুলো তো থাকছেই।

'নভেম্বর রেইন ভলিউম ২' কনসার্টের টিকিট পাওয়া যাবে 'গেট সেট রক' নামের ওয়েবসাইটে। দুই রকমের টিকিট থাকছে। মিথ জোনের টিকিটের দাম ১০৫০ টাকা এবং রকার্স জোনের ৫৫০ টাকা। ১২ নভেম্বর দুপুর আড়াইটায় শুরু হবে কনসার্ট।