বললেন স্বরাষ্ট্র্রমন্ত্রী

কর্মক্ষেত্রে যারা অবহেলা করেছেন তারা চিহ্নিত হচ্ছেন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, পুলিশে যেসব কর্মকর্তা দেশের কথা চিন্তা করেন না, যাদের হৃদয়ে দেশপ্রেম নেই, যারা কাজকর্মে অনীহা প্রদর্শন করছেন, আরোপিত দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না এবং কর্মক্ষেত্রে চরম অবহেলা করে চলছেন তাদের মধ্যে কর্মরত ২৫ বছর উত্তীর্ণ কর্মকর্তাদের চিহ্নিত করা হচ্ছে।

গতকাল রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে (আইডিইবি) আয়োজিত ‘টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ¦ালানি এবং গণপ্রকৌশল দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি পুলিশের একাধিক কর্মকর্তার বাধ্যতামূলক অবসর বিষয়ে অন্য এক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের পুলিশ ফোর্স একটা ডিসিপ্লিন (শৃঙ্খল) ফোর্স। শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের সেবার জন্যই এ ফোর্স। এ পর্যন্ত কতজনকে চিহ্নিত করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এটা চলমান প্রক্রিয়া। আজ হয়েছে এমন কোনো কথা নেই কিন্তু। যদি আরও পেছনে তাকান প্রতি বছর প্রতি মাসে দু-একজন করে এমন অবসরে যাচ্ছে। এটা কোনো উল্লেখযোগ্য ঘটনার মধ্যে আসে না।

এদিকে ঢাকার বাইরে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির সভা-সমাবেশকে কেন্দ্র করে ‘জনদুর্ভোগ ও জানমালের ক্ষতি’ হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নেবে বলে হুঁশিয়ার করেছেন।