ফরিদপুরে আগামী ১২ নভেম্বর বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে চলছে প্রস্তুতি। গতকাল মঙ্গলবার বিকেলে দলটির নেতাকর্মীরা সমাবেশস্থল শহরের কোমরপুর এম এ আজিজ ইনস্টিটিউট ময়দান পরিদর্শন করেছেন। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফরিদপুর বিভাগীয় গণসমাবেশের প্রধান সমন্বয়কারী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপির গণসমাবেশকে বাধাগ্রস্ত করা, জনসমাগম সংকুচিত করা এবং গণদুর্ভোগ সৃষ্টি করার জন্য বাস-মিনিবাস মালিক সমিতির নাম তারা ব্যবহার করেছে।’
তিনি সাংবাদিকদের আরও বলেন, ‘গণতন্ত্রের আন্দোলনে বরিশালের মতো ফরিদপুরের জনগণ সম্পৃক্ত হবে এবং ১০ ডিসেম্বর ঢাকার মহাসমাবেশের মাধ্যমে আন্দোলনের প্রথম অধ্যায়ের সমাপ্তি হয়ে দ্বিতীয় অধ্যায়ের সূচনা হবে।’
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, ফরিদপুর বিভাগীয় গণসমাবেশের সমন্বয়কারী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইছা, সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দীকি মিতুল প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে শহরের কাঠপট্টিতে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। সভায় বৃহত্তর ফরিদপুরের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।