বিভিন্ন দেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে আটটি দেশের সঙ্গে চুক্তি করার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই অংশ হিসেবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নেতৃত্বে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল নিজ কার্যালয়ে এসব কথা বলেন সংস্থাটির সচিব মো. মাহবুব হোসেন।
জানা গেছে, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও থাইল্যান্ডের সঙ্গে আইনি সহায়তা পেতে চুক্তি করতে যাচ্ছে দুদক। ইতিমধ্যে ওইসব দেশের সঙ্গে যোগাযোগও করা হয়েছে।
এ প্রসঙ্গে দুদক সচিব মাহবুব হোসেন বলেন, গত বছরের ১২ সেপ্টেম্বর সংশ্লিষ্ট দেশগুলোতে সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ, রেকর্ডপত্র সংগ্রহ, পাচার করা অর্থ পুনরুদ্ধার কার্যক্রমে পারস্পরিক আইনি সহায়তা চুক্তি (মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি) করার জন্য দুদক থেকে মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো চিঠির ভিত্তিতে বিএফআইইউ থেকে একটি জবাবসহ অনুরোধপত্র আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়। গত ১ নভেম্বর এ বিষয়ে একটি সভাও হয়। যেখানে দুদকসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।