রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম কোকেন জব্দ করা হয়েছে। একই সঙ্গে মাদক চোরাচালান চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো দক্ষিণ শাখা। কোকেনের আনুমানিক মূল্য কোটি টাকা। এগুলো কাতারে পাঠানোর চেষ্টা হচ্ছিল বলে জানা গেছে।
গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর গেন্ডারিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো দক্ষিণ শাখার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তাররা হলো মিন্টু (৩৪), এজাহার মিয়া (৩৮), নাজিম উদ্দীন ওরফে মুন্না (৪০), নাজিম উদ্দিন (৪৫) ও মোহাম্মদ মামুন (২৭)। ওই চক্রের আরেক সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৩৩) পলাতক।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজল জানান, আসামিরা সমুদ্রপথে কোটি টাকার কোকেন বাংলাদেশে নিয়ে আসছে এমন সংবাদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে আসে। গত সোমবার সন্ধ্যায় খিলক্ষেত বাজারের বেপারিপাড়া রোড থেকে ওই চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়। গ্রেপ্তারদের কাছ থেকে ২৫০ গ্রাম কোকেন, পাঁচটি মোবাইল ফোন ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।