রশিদকে সরিয়ে টি-টোয়েন্টির সেরা হাসারাঙ্গা

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন শ্রীলঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাকে জায়গা দিতে দুই নম্বরে নেমে যেতে হয়েছে আফগানিস্তানের রশিদ খানকে।

ছেলেদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ হয়েছে বুধবার। যেখানে টি-টোয়েন্টির ব্যাটারদের তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন ভারতের সূর্যকুমার যাদব। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষেই আছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

রশিদ খান চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেই জশ হ্যাজলউডকে টপকে শীর্ষ উঠেছিলেন। কিন্তু খুব বেশি দিন ধরে রাখতে পারলেন না সেটা। হ্যাজলউড এখন তিন নম্বরে।

হাসারাঙ্গা ২০২১ সালের নভেম্বরে প্রথমবার টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন। সেটা সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্সের সুবাদে।

এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কা শেষ চারে উঠতে না পারলেও হাসারাঙ্গা দারুণ বল করেছেন। ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে আসর শেষ করেন। যা এখন পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ।

বড় লাফ দিয়েছেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। ২০ ধাপ এগিয়ে ২২তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি। চার ধাপ এগিয়ে ভারতের আর্শদিপ সিং ক্যারিয়ার সেরা ২৩ নম্বরে উঠেছেন।

ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা যাদব চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ৫ ম্যাচে ২২৫ রান করেছেন। ছয় ধাপ এগিয়ে নিউজিল্যান্ডের ফিন অ্যালেন এখন পঞ্চদশ স্থানে। লোকেশ রাহুল পাঁচ ধাপ উন্নতি করে ১৬ নম্বরে উঠেছেন।

অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। চতুর্থ স্থানে অবস্থান করছেন তিনি, যা তার ক্যারিয়ারসেরা।